ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন: মার্কিন গণমাধ্যমের খবর
· Prothom Alo

ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটার সম্ভাবনা কম বলেই মনে করছে ওয়াশিংটন। কারণ, ইরানে সরকার পতনের জন্য হয় সরাসরি বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে, নয়তো দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের প্রয়োজন হবে—যার কোনোটিরই আপাতত লক্ষণ নেই।
Visit hilogame.news for more information.
সূত্রটি বলছে, এই যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের হিসাব-নিকাশে বড় ধরনের ফারাক দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন মূলত এই সংঘাতের ফলে বিশ্ববাজার ও তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ইসরায়েলের দাবি, সামরিক অভিযানে তারা বড় সাফল্য পেয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে এই সংঘাত শুরুর আগে এর সুদূরপ্রসারী ফলাফল নিয়ে কোনো গভীর পর্যালোচনা করেনি। সংঘাত শুরুর পরপরই এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।
অর্থনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই লড়াইয়ের প্রভাবকে অনেকটা হালকাভাবে নিয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন হওয়া সত্ত্বেও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি গ্যালন পেট্রলের দাম অন্তত ৬০ সেন্ট বেড়ে গেছে। এতে ট্রাম্পের দেওয়া ‘সমৃদ্ধির স্বর্ণযুগ’ গড়ার প্রতিশ্রুতি এখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হুমকিতে পড়েছে।
পলিটিকো আরও জানিয়েছে, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের আশ্বাসেও বিনিয়োগকারীরা শান্ত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন।