আজ আবার কমল সোনার দাম, ভরিতে ৩,২৩৬ টাকা

· Prothom Alo

আজ সোমবার দেশের বাজারে সোনার দাম কমেছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। আজ ভরিপ্রতি দাম কমেছে ৩ হাজার ২৩৬ টাকা। সেই সঙ্গে কমেছে রুপার দাম।

Visit catcross.biz for more information.

চলতি সপ্তাহে আজ এই প্রথম সোনার দাম সমন্বয় করা হলো। গত সপ্তাহে টানা চার দিন দাম বাড়ানো হয়। এরপর গত বুধবার দাম কমানো হয়। গত সপ্তাহে টানা চার দিনে সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ১২ হাজার ১৩ টাকা। এরপর বুধবার দাম কমানো হয় ৯ হাজার ২১৪ টাকা। ফলে সামগ্রিকভাবে গত সপ্তাহে সোনার দাম বেড়েছিল ২ হাজার ৭৯৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (খাঁটি সোনা ও রুপা) দাম কমেছে, সে কারণে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে।

দাম কমানোর মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমে যাওয়া। এদিকে আজ ভালো মানের রুপার দাম ভরিপ্রতি ১৭৫ টাকা কমেছে। এখন রুপার দাম পড়ছে ৬ হাজার ৩৫৭ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

বিশ্ববাজার টালমাটাল

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে সোনার দাম যেভাবে বাড়ছিল, যুদ্ধ শুরু হওয়ার পর তাতে ছেদ পড়েছে। প্রথম কয়েক দিন দাম বাড়লেও এখন দাম কমছে।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) আজ সোমবার সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৮২ ডলার কমেছে। ফলে সোনার দাম এখন আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৯০ ডলার।

গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ১১৬ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে প্রায় ১ হাজার ৫৩০ ডলার।

Read at source