ভোটের ফল নিয়ে আইনি লড়াই, চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান

· Prothom Alo

ভোটের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন পয়গাম আলী। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আদালতের নির্দেশে আজ রোববার দুপুরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাঁকে শপথবাক্য পাঠ করান।

Visit asg-reflektory.pl for more information.

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নারগুন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে সেরেকুল ইসলাম (নৌকা) ও পয়গাম আলী (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা সেরেকুল ইসলামকে ১৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন। পরে এই ফলাফল নিয়ে আপত্তি তোলেন পয়গাম আলী। ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি ২০২২ সালের ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক সুব্রত ভৌমিক ভোট পুনর্গণনার আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৭ নভেম্বর বাদী ও বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে প্রকাশ্য আদালতে ভোট গণনা করা হয়। পুনর্গণনায় ১০৪ ভোটের ব্যবধানে পয়গাম আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। আদালতের রায়ের পর নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মোহাম্মদ মুনির হোসেন পয়গামকে বিজয়ী ঘোষণার পর গেজেট প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পয়গাম আলীকে শপথ পড়ানো হয়েছে। শপথের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথ গ্রহণ শেষে গয়গাম আলী প্রথম আলোকে বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের রায় কার্যকর হওয়ায় এখন এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’

Read at source