ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
· Prothom Alo

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আজ দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
Visit cat-cross.com for more information.
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন।
বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে।
মধ্যপ্রাচ্যগামী কয়েকজন যাত্রী প্রথম আলোকে বলেন, ভিসার মেয়াদ সীমিত থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে থাকা-খাওয়ার খরচ সরকারিভাবে দেওয়ার কথা বলা হলেও তাঁরা তা পাননি।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে যাত্রীদের অবস্থান। আজ রোববার দুপুর ১২টার দিকেওমানে যেতে কুমিল্লা থেকে বিমানবন্দরে এসেছেন মো. সাগর। তিনি প্রথম আলোকে বলেন, গত শুক্রবার ওমান যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় আসেন। গতকাল তাঁর ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি।
সাগর আরও বলেন, ‘আমার ভিসার আর মাত্র ছয় দিন মেয়াদ আছে। এর মধ্যে যেতে না পারলে আমি আর ওমানে যেতে পারব না।’
সাগর অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে থাকা–খাওয়ার ব্যবস্থার ঘোষণা এলেও তিনি সেই সুবিধা পাননি।
বিমানবন্দর সূত্র জানায়, ইউরোপসহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
অপেক্ষায় যাত্রীরা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে। আজ রোববার দুপুর ১২টার দিকেবাতিল হওয়া দুটি ফ্লাইট বিকেলে যাবে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৭) বাতিল হয়েছিল, সেটি আজ বিকেল চারটায় যাত্রা করবে। এ ছাড়া গতকাল ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৫) বাতিল হয়েছিল, সেটি আজ সন্ধ্যা সাতটায় যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রিয়াদ, জেদ্দা, মাসকাটের ফ্লাইট ছাড়বে
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাটে এই উড়োজাহাজ সংস্থার ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়ামাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।