ময়মনসিংহে অটোরিকশা থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
· Prothom Alo
ময়মনসিংহে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। আজ রোববার ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশাগুলোকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। মো. দুকুল ও তাঁর দুই সহযোগী মো. রফিক ও মো. রতন নামের তিনজন এই চাঁদা তোলেন। আজ সকালে ত্রিশাল থেকে মো. ফয়সাল নামের একজন চালক অটোরিকশা নিয়ে মেডিকেল গেট এলাকায় এলে তাঁর কাছে ৭০ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি এর প্রতিবাদ করেন। তখন তাঁকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে দেওয়া হয়নি। এরপর তিনি ত্রিশালে গিয়ে অন্য চালকদের বিষয়টি জানান। সকাল ১০টার দিকে অটোরিকশার চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে ত্রিশাল থানা-পুলিশের সদস্যরা সেখানে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
Visit chickenroad-game.rodeo for more information.
বিক্ষোভকারী চালকেরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পয়েন্টে এভাবে টাকা দিয়ে সড়কে অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়বে। তাই সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানান তাঁরা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ‘মেডিকেল কলেজ গেট এলাকায় ৩০ টাকার বদলে আজ ৭০ টাকা দাবি করলে এ ঘটনা শুরু হয়। যারা চাঁদা তুলত, তাদের আমরা শনাক্ত করতে পারিনি। রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, তা–ও জানি না। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’