ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে হামলার শিকার বাংলাদেশি যুবক

· Prothom Alo

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে হামলায় বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়।

Visit afsport.lat for more information.

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৫) চোরাচালানি মালামাল সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি ৩০০ থেকে ৩৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কাঁটাতারের নিকটবর্তী এলাকায় গেলে অজ্ঞাতনামা ভারতীয়দের হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে এলে স্বজনেরা দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

গোয়েন্দা সূত্রের বরাতে বিজিবি আরও জানায়, আহত আনোয়ার হোসেন আগেও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতকারী ব্যক্তিদের হামলার শিকার হয়েছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সীমান্ত এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগ আছে।

Read at source