বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন
· Prothom Alo

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
Visit biznow.biz for more information.
শুনানি শেষে আজ রোববার পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নোবেলের আইনজীবী মো. ইমরান হোসেন। তিনি বলেন, নোবেলকে হানি ট্র্যাপের মাধ্যমে এই মামলায় ফাঁসানো হয়েছে। এ ছাড়া মামলার অন্যান্য অভিযোগও মিথ্যা। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এই মামলায় আপসের শর্তে নোবেলের জামিন মঞ্জুর করেছিলেন আদালত। তবে আপসের শর্ত ভঙ্গ করায় গত বৃহস্পতিবার তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে আসামি নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তাঁর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে তিনি আত্মসাৎ করেন। অন্য আসামিরাও নোবেলকে এ কাজে সহযোগিতা করেন।
মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পিবিআই তদন্ত শেষে গত ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন এবং তাঁর সহকারী মুনেম শাহ সৌমিক। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পর ২৪ জুন তিনি জামিন পান।