অর্থ নিয়েও খেলতে আসেনি মেসির আর্জেন্টিনা, প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়ামন্ত্রীর

· Prothom Alo

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। তাঁর অভিযোগ, লিওনেল মেসির দল কেরালায় গিয়ে ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়ে এবং সেই বাবদ অর্থ নিয়েও শেষ পর্যন্ত কথা রাখেনি। বৃহস্পতিবার একটি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আবদুরাহিমান এ কথা বলেছেন।

মেসিদের অভিযুক্ত করে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘আমি সত্যিই চেয়েছিলাম আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং এখানে একটি ম্যাচ খেলুক। আমরা এর জন্য বেশ কয়েকবার আলোচনা করেছি। এই মাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পনসর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না।’

Visit syntagm.co.za for more information.

ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেছেন, আর্থিক চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও আর্জেন্টিনা দল তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তিনি যোগ করেন, ‘টাকা পাওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। কথা দিয়েও তারা আসেনি।’

আর্জেন্টিনা ফুটবল দল ভারতে আসেনি

কেরালার ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয় বলেও দাবি করেছেন আবদুরাহিমান। তিনি বলেছেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা আরও পাঁচটি দেশের সঙ্গেও এমনটা করেছে। তারা টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন আমাদের মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।’

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে কেমন হলো আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রস্তুতি

এর আগে গত বছরের আগস্টে মন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ২০২৬ সালের মার্চ মাসে কেরালায় একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। তবে নভেম্বরে সংবাদমাধ্যমে খবর বের হয়, আর্জেন্টিনার সফরটি হচ্ছে না।

আর্জেন্টিনাকে কেরালায় নিয়ে আসার পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল। এর আগে ২০২৫ সালে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য কেরালা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ফিফার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিল। যদিও সেই আলোচনা পরে আর এগোয়নি।

আর্জেন্টিনা দল কেরালায় না গেলেও দলটির অধিনায়ক লিওনেল মেসি অবশ্য ভারত সফর করেছিলেন। গত ডিসেম্বরে তিনি ‘গোট ট্যুরে’ ভারতের কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও গুজরাটে সফর করেন। এর মধ্যে কলকাতার সল্টলেকে অব্যবস্থাপনার জেরে ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়াম ভাঙচুর করেছিলেন।

বিশ্বকাপে ফ্রান্সকে ভয় দেখাচ্ছে দুটি ‘অভিশাপ’

Read at source