মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করায় জামায়াতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

· Prothom Alo

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার নামে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

Visit playerbros.org for more information.

আদালতের বাদীপক্ষের আইনজীবী হামিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী এস এম নাজমুল ইসলাম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে বিদ্যুৎমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা মন্ত্রী মহোদয়ের চরম সম্মানহানি করেছেন। যে কারণে আমি এই অন্যায়ের বিচারপ্রার্থী হয়ে আদালতে মানহানির মামলাটি করেছি।’

২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা তাঁকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের বিষয়টি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Read at source