‘তোমাদের হাত ধরেই আগামীতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে’

· Prothom Alo

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে যশোরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’। আজ শনিবার সকালে এই অলিম্পিয়াডের আয়োজন করে যশোর বন্ধুসভা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যশোর সদর উপজেলার সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল। তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের স্মৃতিচারণা করেন এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবার উদ্দেশে আফজাল হোসেন দোদুল বলেন, ‘এ দেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। তোমাদের হাত ধরেই আগামীতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে।’

Visit somethingsdifferent.biz for more information.

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

অন্যের মধ্যে বক্তব্য দেন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খাইরুল আনাম, রূপালী ব্যাংক পিএলসির এজিএম ও যশোর বন্ধুসভার উপদেষ্টা শহিদুল ইসলাম, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা শিরিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

যশোর বন্ধুসভার সভাপতি লাকী রাণী কাপুড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস।

যশোরে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষার পর বন্ধুসভার বন্ধুরা একদিকে উত্তরপত্র মূল্যায়নের কাজ করেন, অন্যদিকে অলিম্পিয়াডের অনুষ্ঠান চলতে থাকে। এ সময় যশোর জেলা স্কুলের সিয়াম মুস্তাফিজ কবিতা আবৃত্তি করে। অংশগ্রহণকারীরা অতিথিদের কাছে মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম হয়েছে যশোর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জাফর সাদিক, দ্বিতীয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শেখ ফাহাদ ফারদীন, তৃতীয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন দেব সিকদার, চতুর্থ তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির সৃষ্টি ঘোষ এবং পঞ্চম হয়েছে যশোর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইবতেশাম রহমান। তাদের হাতে অতিথিরা পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধের বই তুলে দেন।

Read at source