ভ্যান ছিনতাই, রাস্তায় গড়াগড়ি করে বৃদ্ধের আহাজারির ভিডিও ভাইরাল
· Prothom Alo

জামালপুরের এক বৃদ্ধের ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই হয়েছে। ভ্যান হারিয়ে বৃদ্ধের আহাজারির একটি ভিডিও আজ শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ওই বৃদ্ধের নাম আকালু মিয়া (৬০)। তাঁর বাড়ি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামে।
Visit fish-roadgame.online for more information.
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন আকালু মিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আশপাশের লোকজনকে বলেন, ‘ভাইয়েরা, আমার ভ্যানটা নিয়ে গেল! এই ভ্যানটাই ছিল সবকিছু। সারা দিন কষ্ট করে ভ্যান চালিয়ে যা আয় করি, তা–ই দিয়ে সংসার চলে।’
কথার একপর্যায়ে আকালু মিয়া মাথায় হাত দিয়ে বসে পড়েন, মাটিতে গড়াগড়ি করতে থাকেন। এর একপর্যায়ে বলেন, ‘এই ভ্যানটাই ছিল আমার রুজির একমাত্র ভরসা।’
এমন আহাজারি শুনে আশপাশের অনেকে আকালুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গতকাল বিকেলে ওই বৃদ্ধের ভ্যানে যাত্রী বেশে ওঠেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ভ্যানটি ওই উপজেলার নামাপাড়া এলাকায় পৌঁছালে আকালুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন ওই ব্যক্তি। পরে ভ্যানটি নিয়ে দ্রুত সটকে পড়েন।
এ বিষয়ে আকালু মিয়া বলেন, ‘আমার মতো অসহায় লোকের গাড়িটি নিয়ে গেল! সমিতির কিস্তি নিয়ে গাড়িটি কিনেছিলাম, এখন কিস্তি দেব কীভাবে?’
ঘটনাটি পৌর শহরের বাইরে হওয়ায় কোনো সিটিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে জানান বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। তিনি বলেন, ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।