প্রয়োজনে জীবন দেব কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না: জামায়াতের আমির
· Prothom Alo

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বহু ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা ২৪ পেয়েছিলাম। আমরা প্রয়োজনে জীবন দেব কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না।’
Visit orlando-books.blog for more information.
আজ শুক্রবার বিকেলে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘২৪ না থাকলে কোনো ইন্টিরিম গভর্নমেন্ট নেই, ২৪ না থাকলে ২৬ সালে কোনো নির্বাচন নেই। এই সবকিছুর ভিত্তি হচ্ছে ২৪। সুতরাং, যে ২৪ মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে ২৪–এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের ওপর তাদের লাশ রেখে গেছে, আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দেব না কাউকে।’
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘ইতিমধ্যে যেসব বিষয়–আশয় চলে এসেছে, সব কটি আপনারা অবহিত। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবেন আর আমরা চোখ বন্ধ করে থাকব, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশা আল্লাহ।’
জামায়াত ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা এবং মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান দলটির আমির।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ বলেন, ‘বাংলাদেশের নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে অপরাজনীতি শুরু করতে চায়। আদালতের ঘাড়ে সওয়ার হয়ে গণভোটকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে।’
আবদুল বাসিত আজাদ বলেন, গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন বিল উত্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ ক্ষমা করবে না।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক আবদুল জলিলের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অনেকে।