কিশোরগঞ্জে আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে পতাকা উত্তোলন, জয় বাংলা স্লোগান
· Prothom Alo
দেড় বছর আগে গুঁড়িয়ে দেওয়া কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের (রতন) নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা–কর্মী জড়ো হয়েছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি–সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা, ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।’ এ ছাড়া ব্যানারের নিচের অংশে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদের নাম উল্লেখ রয়েছে।
Visit zeppelin.cool for more information.
ভিডিওতে উপস্থিত ছাত্রলীগের নেতা–কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’ এবং ‘কিশোরগঞ্জের মাটি, তুহিন ভাইয়ের ঘাঁটি’—এমন সব স্লোগানও দেওয়া হয়। এ সময় কয়েকজনকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছেন।
২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় ও ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ছয় মাস পর গত বছরের ৬ ফেব্রুয়ারি জেলা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের ওই পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ করে ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ভবনের একটি ভাঙা দেয়ালে ‘পাবলিক টয়লেট’ লিখে দেওয়া হয়েছিল।