ব্যবসায়ী থেকে গভর্নর, কী বলছেন ব্যবসায়ীরা

· Prothom Alo

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগে অনেকের মতোই ব্যবসায়ী সমাজও বিস্মিত হয়েছেন। তবে নতুন গভর্নরের প্রতি আস্থা রাখতে চান ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ব্যাংকঋণের সুদহার কমানো, ব্যাংক খাতের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানোসহ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন কার্যকর উদ্যোগ নেবেন।

সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। তৈরি পোশাক কারখানার পাশাপাশি আবাসন ও ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গেও তাঁর যুক্ততা আছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত।

Visit asg-reflektory.pl for more information.

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘নতুন গভর্নরের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, কোনোভাবেই যেন আবার ব্যাংক খাতে লুটপাটের সুযোগ তৈরি না হয়। এ ছাড়া ব্যবসার খরচ কমানোর পাশাপাশি খেলাপি ঋণ ও সুদহার কমাতে নজর দেবেন তিনি। কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবেন না নতুন গভর্নর।’

এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, ‘একজন ব্যবসায়ীকে গভর্নর করায় অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। ব্যবসায়ীকে গভর্নর করাটা ব্যতিক্রম ঘটনা। তবে অস্বাভাবিক নয়। তিনি আরও বলেন, ব্যবসায়ীকে গভর্নর করায় আমরা খুশি বা অখুশি কোনোটাই হইনি। খুশি বা অখুশির বিষয়টি নির্ভর করবে তাঁর (নতুন গভর্নর) পারফরম্যান্সের ওপর।’ তবে তাঁর প্রতি আমাদের তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মন্তব্য করেন তিনি।

মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

মোস্তাকুর রহমানের পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। সেখানেই হেরা সোয়েটার নামে মোস্তাকুর রহমানের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, হেরা সোয়েটার ২০২৪-২৫ অর্থবছরে ২৫ লাখ ৬৯ হাজারটি পোশাক রপ্তানি করে। যার আর্থিক মূল্য ১ কোটি ১১ লাখ মার্কিন ডলার। প্রতিটি পোশাকের গড় মূল্য ৪ দশমিক ৩৩ ডলার।

জানতে চাইলে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করায় আমরা খুশি। আমাদের প্রত্যাশা, অর্থনীতির গতিধারা সঠিক পথে আনার জন্য উদ্যোগী হবেন নতুন গভর্নর। এ ছাড়া চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারেও তাঁর নেতৃত্ব দেখতে চাই আমরা।’

নতুন গভর্নরের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পরিচয় রয়েছে বলে জানান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘মোস্তাকুর রহমান অভিজ্ঞ ব্যবসায়ী। আমাদের বিশ্বাস, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সরকারের সহায়তা পেলে তিনি গভর্নর হিসেবে সফল হবেন।’

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেরা সোয়েটার্সের ৮৬ কোটি টাকা ঋণ রয়েছে। ঋণটি খেলাপি হয়ে গিয়েছিল। বিশেষ সুবিধার আওতায় গত বছরের জুনে তা পুনঃ তফসিল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়টা সুখকর হয়নি। গতকাল সকালে বিভিন্ন দাবি পূরণ এবং তিন কর্মকর্তাকে কারণ দর্শানো ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এসব দাবি না মানলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলমবিরতিতে যাবেন কর্মকর্তা ও কর্মচারীরা—এমন ঘোষণা সমাবেশ থেকে দেওয়া হয়। সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

জানতে চাইলে মোহাম্মদ হাতেম বলেন, বিদায়ী গভর্নরের বিদায় সম্মানজনক হওয়া উচিত ছিল।

মোস্তাকুর রহমান তৈরি পোশাকের পাশাপাশি আবাসন ও ট্রাভেল এজেন্সির ব্যবসাও করেছেন। তিনি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বারের সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি কাজ করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘দেশের আবাসন খাতে অনেক দিন ধরে স্থবিরতা। আমাদের প্রত্যাশা, আবাসন ব্যবসায় গতি ফেরাতে কার্যকর উদ্যোগ নেবেন নতুন গভর্নর। আবাসন খাতের প্রতিষ্ঠানের ব্যাংকিং–সংক্রান্ত সমস্যা দূর করার পাশাপাশি কম সুদে দীর্ঘমেয়াদি আবাসন ঋণের ব্যবস্থা করবেন।’

মোস্তাকুর রহমানের জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, তাঁর জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ব্যবসায়ী বলেন, ‘অর্থনীতির এমন চ্যালেঞ্জিং অবস্থায় একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরত্বপূর্ণ পদে নিয়োগ করায় আমরা বিস্মিত হয়েছি। আমাদের কাছে মনে হচ্ছে, দায়িত্বটা ওনার জন্য চ্যালেঞ্জিং হবে। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ কীভাবে সামাল দেন, এটাই এখন দেখার বিষয়।’

বিএনপি সূত্রে জানায়, মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য ছিলেন।

Read at source